আমতলীতে শালিস বৈঠকে হামলা, আহত ৪, তিনজন জেল হাজতে

হোম » বরগুনা » আমতলীতে শালিস বৈঠকে হামলা, আহত ৪, তিনজন জেল হাজতে
রবিবার ● ১৭ মে ২০২৬


 

আমতলী হাসপাতাল

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলীতে শালিস বৈঠককে কেন্দ্র করে হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন এবং তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

ঘটনাটি ঘটে শনিবার রাতে আমতলী উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ডে। জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি এলাকার মোসা. শিল্পী বেগম ও তার খালাতো ভাই শিপন হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সাবেক ইউপি সদস্য ও আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম হাওলাদারের নেতৃত্বে মানিকঝুড়ি বাজারের একটি ঘরে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।

 

অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে আমতলী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন আকন ভুক্তভোগী নারী মোসা. শিল্পী বেগমকে অশালীন ভাষায় গালাগাল করেন। ওই সময় বাজারের ট্রান্সপোর্ট ব্যবসায়ী বাহাদুর মিয়া এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহীন আকন তার নেতৃত্বে তার সহযোগীদের নিয়ে বাহাদুর মিয়া ও তার লোকজনের ওপর হামলা চালান।

 

হামলায় শাহ আলম, আবুল বাসার, হাসান ও শহিদুল গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল চৌধুরী প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহ আলম ও হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর দুইজনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।

 

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহীন আকন, তার বাবা শানু আকন এবং ভাই শামিম আকনকে আটক করে। এ ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের করা হয়।

 

পরে রবিবার বিকেলে পুলিশ গ্রেপ্তারকৃত তিন আসামিকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

ভুক্তভোগী নারী মোসা. শিল্পী বেগম বলেন, শাহীন আকন তাকে গালাগাল করছিলেন, বাহাদুর মিয়া প্রতিবাদ করায় তাকে ও তার চাচাসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

 

সাবেক ইউপি সদস্য জসিম হাওলাদার বলেন, শালিস বৈঠকের একটি কথা ধরে বাহিরের লোকজন মারধরের ঘটনা ঘটিয়েছে, শালিস বৈঠকের মধ্যে কিছুই হয়নি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১০:২০ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ