রবিবার ● ১৭ মে ২০২৬

জাতীয় পর্যায়ে খেলবে নেছারাবাদের শিক্ষককন্যা স্নিগ্ধা-মৌসি

হোম » খেলা » জাতীয় পর্যায়ে খেলবে নেছারাবাদের শিক্ষককন্যা স্নিগ্ধা-মৌসি
রবিবার ● ১৭ মে ২০২৬


 

জাতীয় পর্যায়ে খেলবে নেছারাবাদের শিক্ষক কন্যা স্নিগ্ধা-মৌসি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দুই কিশোরী ব্যাডমিন্টন খেলোয়াড় মহুয়া মিম স্নিগ্ধা ও সাদিয়া তাসনিম মৌসি এবার জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। তারা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এই সাফল্য অর্জন করে।

 

শনিবার বরিশাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্টে চ্যাম্পিয়ন হয় এই দুই শিক্ষার্থী। এর মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিভা অন্বেষণে “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

 

স্নিগ্ধা ও মৌসি নেছারাবাদ উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেল্লাল হোসাইনের কন্যা। স্নিগ্ধা নবম শ্রেণি এবং মৌসি দশম শ্রেণিতে অধ্যয়নরত।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বিভাগীয় পর্যায়েও সাফল্য অর্জন করেছে স্নিগ্ধা ও মৌসি। জাতীয় পর্যায়েও তারা ভালো করবে বলে আমরা আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:০৭ ● ২৫ বার পঠিত