রবিবার ● ১৭ মে ২০২৬
গলাচিপায় মোবাইল ফোন না পেয়ে কিশোরীর আত্মহত্যা
হোম » পটুয়াখালী » গলাচিপায় মোবাইল ফোন না পেয়ে কিশোরীর আত্মহত্যা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে রমজানা (১৪) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রমজানা উপজেলার রতনদী গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনরা জানান, কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করে আসছিল রমজানা। পরিবারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার পর মোবাইল কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এতে অভিমান করে সে।
ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ঘরের বারান্দায় বসে ছিলেন। একপর্যায়ে রমজানা নিজের শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছু সময় পর মা পপি বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।
স্থানীয়দের সহায়তায় দ্রুত রমজানাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন শিকদার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:২১:৫৭ ● ২০ বার পঠিত
