
সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বরিশাল-৬ আসনের সংসদ সদস্যকে নিয়ে কটূক্তি ও ধারাবাহিক আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে লায়ন নিলয় পারভেজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লায়ন নিলয় পারভেজ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিলয় পারভেজ দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য সম্বলিত বিভিন্ন কনটেন্ট, ছবি ও ভিডিও পোস্ট করে আসছিলেন। এসব পোস্টের ক্যাপশনে করা আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
এই ঘটনার প্রেক্ষিতে পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বাদী হয়ে লায়ন নিলয় পারভেজকে একমাত্র আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য বাকেরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা পাওয়ার পর বাকেরগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ মে) ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার মাগরিবের নামাজের পর গ্রেফতারকৃত আসামি লায়ন নিলয় পারভেজকে কড়া পুলিশি পাহারায় বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তাকে থানায় আনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে থানা চত্বরে বিপুল সংখ্যক উৎসুক জনতার ঢল নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ওই মামলার এজাহারনামীয় আসামি লায়ন নিলয় পারভেজকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ সন্ধ্যায় তাকে বাকেরগঞ্জ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করা হবে।