
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকায় ‘মিয়ারচর নূরানী ও কিন্ডারগার্টেন মাদ্রাসা’ বন্ধের চেষ্টার অভিযোগে করা হয়রানিমূলক মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
এসময় সভাপতিত্ব করেন প্রফেসর গোলাম সারোয়ার। এতে বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা যারফুদুল্লাহ, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সেক্রেটারি মো. সরোয়ার প্যাদা, ইউপি সদস্য মো. খাইরুল ইসলাম, মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা ইয়াসিন মৃধা এবং সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাকসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা মামলা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা আবেদনের নেপথ্যে প্রতিষ্ঠানটি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা দ্রুত এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
আবেদনকারী পক্ষের মিয়ারচর এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান হাওলাদার জানান, গৌরনদী আদালতে দেওয়ানি মোকদ্দমা নং ৬৭-এর প্রেক্ষিতে দায়ের করা চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল থেকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদ্রাসার পরিচালনা কমিটির দাবি, প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে লন্ডন প্রবাসী মো. মজিবুর রহমানের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, এটি সম্পূর্ণ ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠান, যার লক্ষ্য আখিরাতমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।
মানববন্ধনে মিয়ারচর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নূরানী ও হেফজ বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।