বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি
হোম » ইসলামী জীবন » এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি
সাগরকন্যা ইসলাম ডেস্ক
পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবন শেষে মুমিনের একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্য হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ করা। জান্নাত এমন এক চিরসুখের নীড়, যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যা কেবল মুত্তাকিদের জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে।
মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ১৩৩ থেকে ১৩৬ নম্বর আয়াতে মুত্তাকিদের বিশেষ কিছু গুণের কথা বর্ণনা করেছেন। এসব গুণ অর্জন করতে পারলে কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত বা ক্ষমা এবং পরম শান্তির জান্নাতের সুসংবাদ পাওয়া সম্ভব।
আলেমদের মতে, কোরআন-হাদিসে মুত্তাকিদের অসংখ্য গুণ বর্ণিত হলেও এই আয়াতসমূহে উল্লেখিত ছয়টি বৈশিষ্ট্য একজন ঈমানদারকে জান্নাতের পথে অনেক দূর এগিয়ে দেয়। নিচে সেই গুরুত্বপূর্ণ ছয়টি গুণ তুলে ধরা হলো:
১. সচ্ছল ও অসচ্ছল সর্বাবস্থায় দান করা
জান্নাতি মানুষের প্রথম গুণ হলো, তারা কেবল সচ্ছল অবস্থায়ই নয়, বরং অভাব ও সংকটকালেও আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্য অনুযায়ী দান করেন। তাদের দানের মূল উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহকে খুশি করা, মানুষের প্রশংসা অর্জন নয়। বিশেষ করে গোপনে দান করা মুত্তাকিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে ডান হাতে দান করলে বাম হাতও তা টের পায় না। আল্লাহর কাছে দানের পরিমাণের চেয়ে নিয়ত ও নিষ্ঠা বেশি গুরুত্বপূর্ণ।
২. ক্রোধ সংবরণ করা
রাগ বা ক্রোধ মানুষের বিচারবুদ্ধি নষ্ট করে এবং সমাজে অশান্তি সৃষ্টি করে। জান্নাতি মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রচণ্ড রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণে রাখা। যারা আল্লাহর ভয়ে নিজেদের রাগ দমন করতে পারে, তারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। নবী কারীম (সা.) বলেছেন, প্রকৃত বীর সেই নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং প্রকৃত বীর সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।
৩. মানুষকে ক্ষমা করা
অন্যের ভুল বা অন্যায় ক্ষমা করার জন্য বড় হৃদয়ের প্রয়োজন। ক্ষুদ্র মানসিকতার মানুষ কখনো ক্ষমা করতে পারে না। জান্নাতপ্রত্যাশীরা বিশ্বাস করেন, কিয়ামতের দিন আল্লাহর ক্ষমা পেতে হলে দুনিয়াতে আল্লাহর বান্দাদের ক্ষমা করতে হবে। ক্ষমা মানুষকে মানসিক প্রশান্তি দেয় এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কারের কারণ হয়।
৪. ইহসান বা পরোপকার করা
মুত্তাকিরা সর্বদা মানুষের উপকারে এগিয়ে আসেন। ঈমানের পর সবচেয়ে বড় আমলগুলোর একটি হলো মানুষের কল্যাণে কাজ করা, আর সবচেয়ে বড় অন্যায় হলো কারও ক্ষতি করা। ঈমানদার ব্যক্তি কখনো অন্যের দোষ খোঁজেন না; বরং সবসময় মানুষের কল্যাণ ও উপকারে নিয়োজিত থাকেন।
৫. গোনাহের পর দ্রুত তওবা করা
মানুষ হিসেবে ভুল ও গোনাহ হয়ে যাওয়া স্বাভাবিক। তবে মুত্তাকির বৈশিষ্ট্য হলো গোনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে বিলম্ব না করে আন্তরিকভাবে তওবা করা। তারা বিশ্বাস করেন, আল্লাহ ছাড়া গোনাহ ক্ষমা করার আর কেউ নেই।
৬. গোনাহের পুনরাবৃত্তি না করা
একবার ভুল করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পর মুত্তাকি ব্যক্তি সেই পাপের পথে আর ফিরে যান না। তিনি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করেন এবং পুনরায় সেই কাজে লিপ্ত না হওয়ার সর্বাত্মক চেষ্টা করেন।
যাদের মধ্যে এই ছয়টি গুণের সমন্বয় থাকবে, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তায়ালা মাগফিরাত ও এমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবেন। তাই আসুন, আমরা আমাদের জীবনকে এসব গুণের আলোকে গড়ে তোলার চেষ্টা করি।
বাংলাদেশ সময়: ২০:০০:১৯ ● ১১ বার পঠিত
