বুধবার ● ১৩ মে ২০২৬
জলবায়ু সহনশীল কৃষিতে নারী নেতৃত্ব জোরদারে কলাপাড়ায় বিশেষ সভা
হোম » পটুয়াখালী » জলবায়ু সহনশীল কৃষিতে নারী নেতৃত্ব জোরদারে কলাপাড়ায় বিশেষ সভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় নারী কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, কৃষিতে তাদের অংশগ্রহণ এবং নেতৃত্ব জোরদারের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলাপাড়া উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আভাস প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মুনিরুজ্জামান।
সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিত্ত রঞ্জন শিকারি, গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু, মিলন কর্মকার রাজু, আরিফ সুমন এবং ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম। এছাড়া বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, নারী ইউপি সদস্য, নারী কৃষক প্রতিনিধি, এনজিও ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হলেও উপকূলীয় অঞ্চলের কৃষি এখন জলবায়ু পরিবর্তনের কারণে বড় ধরনের ঝুঁকির মুখে। ঘূর্ণিঝড়, লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নারী কৃষকদের ওপর। তবে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং পারিবারিক অর্থনীতিতে নারী কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় আরও বক্তব্য দেন আভাস প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম, কোস্ট ফাউন্ডেশনের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মো. ইউনুছ, নারী জনপ্রতিনিধি মোসাম্মাৎ কুলসুম এবং নারী কৃষক মোসাম্মৎ আসমা, ডালিয়া, সুমনা, লামিয়া, মোসাম্মৎ জেসমিন ও রুমা আক্তার। বক্তারা বলেন, নারী কৃষকদের স্বীকৃতি ও দক্ষতা উন্নয়ন ছাড়া টেকসই কৃষি উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় পর্যায়ে তাদের আরও বেশি সম্পৃক্ত করতে প্রশাসন কাজ করছে।
নারী কৃষকরা জানান, কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ভূমির মালিকানা, কৃষিঋণ, প্রযুক্তি এবং বাজার সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা এখনও পিছিয়ে রয়েছেন। এ অবস্থায় নারী কৃষকদের কৃষক হিসেবে স্বীকৃতি, কৃষি আইডি কার্ড প্রদান, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, নারীবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং স্থানীয় কৃষি পরিকল্পনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তারা।
সভায় নারী কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, লবণাক্ততা সহনশীল ফসল চাষ, ভাসমান কৃষি, মিঠা পানি সংরক্ষণ, বাজার সংযোগ বৃদ্ধি এবং নারী কৃষি উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪৫:২২ ● ২৭ বার পঠিত
