বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, শাটডাউনের তৃতীয় দিনে পদত্যাগ প্রশাসনিক পদে

হোম » শিক্ষা » বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, শাটডাউনের তৃতীয় দিনে পদত্যাগ প্রশাসনিক পদে
বুধবার ● ১৩ মে ২০২৬


 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, শাটডাউনের তৃতীয় দিনে পদত্যাগ প্রশাসনিক পদে

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষকদের চলমান পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

 

বুধবার (১৩ মে) দুপুরে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। একই দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার এবং ছাত্র প্রতিনিধি শিক্ষক।

 

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা ক্যাম্পাসে প্রবেশ না করে নিজ নিজ কার্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছেন।

 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, আন্দোলনটি যৌক্তিক হলে সরকার দ্রুত তা বিবেচনায় নিত। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদের কোনো শূন্য পদ না থাকায় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিষয়টি অনুমোদন না দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকেও তা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের কথা বিবেচনা করে দ্রুত ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, গত ১১ মে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ