সোমবার ● ১১ মে ২০২৬

কাউখালীতে গাছে ঝুলন্ত জেলের মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

হোম » পিরোজপুর » কাউখালীতে গাছে ঝুলন্ত জেলের মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা
সোমবার ● ১১ মে ২০২৬


 

এটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামের নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত মো. হানিফ খান (২৭) ওই এলাকার মো. হোসেন খানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হানিফ মোবাইল ফোনে শ্বশুরবাড়িতে থাকা স্ত্রীকে কল দেন। কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে হানিফ বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পাশের নদীর পাড়ে একটি ছৈলা গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

 

স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, গাছের ডালে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা সাগরকন্যাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৩৪ ● ২৭ বার পঠিত