সোমবার ● ১১ মে ২০২৬

কোস্টগার্ড হেফাজতে নির্যাতন, বরগুনার এসপিকে মামলা গ্রহণের নির্দেশ

হোম » বরগুনা » কোস্টগার্ড হেফাজতে নির্যাতন, বরগুনার এসপিকে মামলা গ্রহণের নির্দেশ
সোমবার ● ১১ মে ২০২৬


 

কোস্টগার্ড হেফাজতে নির্যাতন, বরগুনার এসপিকে মামলা গ্রহণের নির্দেশ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার পাথরঘাটায় নাঈম নামে এক কিশোরকে হেফাজতে নির্যাতনের অভিযোগে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদসহ অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে বরগুনার পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

রবিবার (১০ মে) দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ এ আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টার মধ্যে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে আদালতে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন।

 

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় পাথরঘাটা পৌরসভার পোস্ট অফিসের সামনে থেকে নাঈম নামে এক কিশোরকে ইয়াবাসহ আটক করে কোস্টগার্ড সদস্যরা। পরে বৃহস্পতিবার (৭ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

আদালতে হাজির করার পর নাঈম অভিযোগ করেন, কোস্টগার্ডের হেফাজতে থাকা অবস্থায় তিনি নির্যাতনের শিকার হয়েছেন। আদালত তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। এরপর নির্যাতনের আলামত হিসেবে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হয় এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি নাঈমের জবানবন্দিও গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।

 

আদালতের আদেশে উল্লেখ করা হয়, ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’ অনুযায়ী হেফাজতে নিয়ে নির্যাতন করা শাস্তিযোগ্য অপরাধ। আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে আদালত বরগুনার পুলিশ সুপারকে মামলা রুজুর নির্দেশনা প্রদান করেন।

 

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।

 

অন্যদিকে, আদালতের নির্দেশ অনুযায়ী মামলা রুজু হয়েছে কিনা জানতে বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪২ ● ৩৬ বার পঠিত