রবিবার ● ১০ মে ২০২৬
তালতলীতে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
হোম » লিড নিউজ » তালতলীতে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলী উপজেলার বগী-কড়াইবাড়িয়া সড়কের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র প্রায় ৩ কোটি ৬২ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই সড়কের পিচ ও খোয়া উঠে যাচ্ছে, ফলে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
স্থানীয়রা জানান, সড়কে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের হওয়ায় নির্মাণকাজের পরপরই পিচ ঢালাই ও বিটুমিন মিশ্রিত অংশ হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে। তাদের দাবি, দরপত্রের শর্ত অনুযায়ী উপযুক্ত মানের উপকরণ ব্যবহার না করে ঠিকাদার নিজস্বভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। অভিযোগ রয়েছে, প্রাইম কোট ছাড়াই খোয়ার ওপর পিচ ঢালাই করা হয়েছে এবং বিটুমিনের মান নিয়েও উঠেছে প্রশ্ন।
এলাকাবাসীর আরও অভিযোগ, প্রকল্প চলাকালীন সময়েও এলজিইডির পক্ষ থেকে যথাযথ তদারকি ছিল না। রাতের বেলায় তড়িঘড়ি করে কাজ চালানো হয়েছে বলেও তারা দাবি করেন। এতে কাজের মান আরও খারাপ হয়েছে বলে স্থানীয়দের অভিমত।
স্থানীয় সমাজসেবক জাকির হোসেন বলেন, এটি আমাদের গুরুত্বপূর্ণ একটি সড়ক। রাতে কাজ করা হয়, তখন কোনো তদারকি থাকে না। নিম্নমানের খোয়া ও বিটুমিন ব্যবহার করা হলেও বাধা দিলে ঠিকাদারের পক্ষ থেকে চাঁদাবাজি মামলার হুমকি দেওয়া হয়।
এদিকে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগও উঠেছে। অভিযোগে বলা হয়, ঠিকাদারদের কাছ থেকে ৫ শতাংশ হারে ঘুষ দাবি করা হয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা আর্থিক লেনদেন হয়নি। কিছু ঠিকাদারের কাগজে ত্রুটি থাকায় তারা বাদ পড়েছেন। তবে সড়ক নির্মাণে কিছু ত্রুটি পাওয়া গেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে তৎকালীন সিনিয়র সহকারী প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা প্রকল্পের সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪৪ ● ৫৮ বার পঠিত
