শনিবার ● ৯ মে ২০২৬
বাউফল উপজেলা কৃষকদল আহ্বায়ক ফয়সল বহিষ্কার
হোম » রাজনীতি » বাউফল উপজেলা কৃষকদল আহ্বায়ক ফয়সল বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সলকে বহিষ্কার করা হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার বিকালে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সলকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সিদ্ধান্তটি অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এদিকে বহিষ্কারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রবীণ সাংবাদিক অতুল চন্দ্র পালকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির অভিযোগে সমালোচনার মুখে ছিলেন ফয়সল। এ ছাড়া তিনি উপজেলা কৃষকদলের কালাইয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব বদরুল হাসান শুভকেও লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।
অতুল চন্দ্র পাল বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি।
এর আগে প্রকাশ্যে উপজেলার বিএনপি (সদ্য সাবেক) নেতা জসিম উদ্দিন তুহিনকে মারধরের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে চলতি বছরের ১৫ জানুয়ারি সেই আদেশ প্রত্যাহার করে পুনরায় তাকে স্বপদে বহাল করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:১০:২৫ ● ৩২ বার পঠিত
