শুক্রবার ● ৮ মে ২০২৬
কোন অফিসে টাকা দেবেন না, কর্মকর্তা ঘুষ চাইলে চাকরি থাকবে না: প্রতিমন্ত্রী নুরুল হক
হোম » লিড নিউজ » কোন অফিসে টাকা দেবেন না, কর্মকর্তা ঘুষ চাইলে চাকরি থাকবে না: প্রতিমন্ত্রী নুরুল হক

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও আলিম মাদ্রাসা এবং কলেজ প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি।
সভায় প্রতিমন্ত্রী বলেন, কোন অফিসে টাকা দেবেন না। যদি কোনো কর্মকর্তা টাকা দাবি করে, তাহলে তার জায়গা এখানে হবে না। সে চাকরিও করতে পারবে না।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওসি, মন্ত্রী কিংবা এমপি- সবাই কোনো না কোনো শিক্ষকের ছাত্র। তাই শিক্ষক সমাজের প্রতি প্রশাসনের সম্মান ও মর্যাদা বজায় রাখা উচিত।
নিজের পারিবারিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক সময় ছুটির আবেদন, বেতন সংক্রান্ত কাজ কিংবা সাধারণ প্রশাসনিক কাজেও অনাকাঙ্ক্ষিতভাবে টাকা দাবি করা হয়। এ ধরনের অনিয়ম আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (৮ মে) দুপুরে গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৪৬:৪২ ● ২৭ বার পঠিত
