বুধবার ● ৬ মে ২০২৬

ধানের দাম নেই, ঋণের বোঝা বাড়ছে- কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ

হোম » কৃষি » ধানের দাম নেই, ঋণের বোঝা বাড়ছে- কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ
বুধবার ● ৬ মে ২০২৬


 

কলাপাড়ায় ধানের লাভজনক দামসহ নানা দাবিতে কৃষক সমাবেশ, বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ধানের লাভজনক মূল্য নিশ্চিত করা, ধান কেনায় লটারি প্রথা বাতিল, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, অতি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ, সরকারি খালের ইজারা বাতিল ও পুনঃখননসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৬ মে) সকাল ১১টায় কলাপাড়া পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান।

 

সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর কৃষকরা চাষাবাদ করে ঋণগ্রস্ত হচ্ছেন। উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সময়মতো সার ও কীটনাশক না পাওয়া, প্রকৃত কৃষকরা কৃষি প্রণোদনার বাইরে থাকা, খাল ও স্লুইস ব্যবস্থাপনায় সিন্ডিকেটের দৌরাত্ম্য, সুদমুক্ত কৃষিঋণের অভাব এবং ধান বিক্রির সময় দালালচক্রের কারণে কৃষকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

 

বক্তারা আরও বলেন, কৃষকদের এসব সমস্যা দ্রুত সমাধান করা না হলে প্রকৃত কৃষকরা কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন। এতে দেশের কৃষি অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৪৮ ● ২১ বার পঠিত