মঙ্গলবার ● ৫ মে ২০২৬
আমতলীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়: শ্রমিকদল নেতা ও লাইনম্যান আটক
হোম » বরগুনা » আমতলীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়: শ্রমিকদল নেতা ও লাইনম্যান আটক

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলীর চৌরাস্তায় সিএনজি ও মাহেন্দ্র যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় পৌর শ্রমিকদলের সভাপতি মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আমতলী চৌরাস্তায় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় সূত্র।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় চলছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে শ্রমিকদলের অভ্যন্তরীণ দুই পক্ষের মধ্যে ৭ মার্চ সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে স্ট্যান্ডগুলোতে সব ধরনের চাঁদা আদায় বন্ধ করা হয়।
তবে গত এপ্রিল মাসের শেষ দিক থেকে আবারও চাঁদা আদায় শুরু হয় বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার দুপুরে চাঁদা আদায়ের সময় পুলিশ অভিযান চালিয়ে মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে আটক করে পুনরায় চাঁদা আদায় বন্ধ করে দেয়।
স্থানীয় কয়েকজন সিএনজি ও মাহেন্দ্র চালক সাগরকন্যাকে জানান, কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চাঁদা আদায় শুরু হলে তারা সমস্যায় পড়েন।
এ বিষয়ে আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, চাঁদা আদায়ের সময় দু’জনকে আটক করা হয় এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০১:০৭ ● ৪১ বার পঠিত
