সোমবার ● ৪ মে ২০২৬

দুমকিতে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যু, স্বজনদের ক্ষোভ

হোম » সর্বশেষ » দুমকিতে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যু, স্বজনদের ক্ষোভ
সোমবার ● ৪ মে ২০২৬


 

দুমকিতে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যু, স্বজনদের ক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ছয় মাস বয়সী শিশু আয়মানের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, আয়মান দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামের প্রবাসী আবু তালেবের ছেলে। তার বাবা সৌদি আরবে কর্মরত। মা লামিয়া বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঈদের এক সপ্তাহ পর দাদাবাড়ি ফরিদপুরের রাজবাড়ী এলাকায় বেড়াতে গেলে আয়মান জ্বরে আক্রান্ত হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ফরিদপুরের একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর সাময়িকভাবে সুস্থ হয় সে। এরপর তাকে নিয়ে আসা হয় দুমকির সাতানী গ্রামে।

পরবর্তীতে গত ১৯ এপ্রিল আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে হাম ও নিউমোনিয়ার সংক্রমণ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

ঢাকার ডেমরার মাতুয়াইল এলাকার একটি হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার উন্নতি না হওয়ায় ১ মে তাকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে স্থানান্তর করা হয়। ২ মে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৩ মে রবিবার রাতে শিশুটির মৃত্যু হয়েছে।

মৃত শিশুর মামা কলেজ শিক্ষক সোহেল আহম্মেদ অভিযোগ করে বলেন, হাসপাতালে শিশু মৃত্যুর প্রকৃত তথ্য সবসময় প্রকাশ পায় না। স্থানীয়রা জানান, প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও হাম এখনো শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে। তারা সময়মতো টিকাদান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫৬ ● ২৫ বার পঠিত