শুক্রবার ● ১ মে ২০২৬

বাবুগঞ্জে দুই সন্তানের জনকের দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

হোম » আলোচিত খবর » বাবুগঞ্জে দুই সন্তানের জনকের দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল
শুক্রবার ● ১ মে ২০২৬


 

বাবুগঞ্জে দুই সন্তানের জনকের দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে পাওয়ার পর দুই সন্তানের জনক এক ব্যক্তি দুধ দিয়ে গোসল করেছেন- এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র দাস নিজ বাড়িতে প্রায় পাঁচ লিটার দুধ দিয়ে গোসল করেন। স্থানীয় সূত্র ও হলফনামা অনুযায়ী, গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে তার সঙ্গে স্ত্রী দীপা রানী দাসের আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।

 

জানা গেছে, ২০০৯ সালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা এলাকার প্রশান্ত দাসের মেয়ে দীপা রানী দাসের সঙ্গে পারিবারিকভাবে পরিমল চন্দ্র দাসের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ইয়ানী (৭) ও প্রণব দাস (১৫) নামে এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল বলে দাবি করেন পরিমল। জীবিকার প্রয়োজনে একসময় তিনি শ্বশুরবাড়িতে বসবাস শুরু করলে সেখানে নির্যাতন ও হুমকির মুখে পড়েন বলেও অভিযোগ করেন তিনি। পরে সেখান থেকে ফিরে এসে প্রায় ছয় বছর আলাদা বসবাস করেন।

 

পরিমল চন্দ্র দাস বলেন, দীর্ঘদিন পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। একপর্যায়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই তাকে না জানিয়ে তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে অন্য পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি চলছিল এবং একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি। বিবাহ বিচ্ছেদের কাগজ পাওয়ার পরই পরিমল দুধ দিয়ে গোসল করেন।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার জানান, পরিমল চন্দ্র দাস ও দীপা রানী দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে পরিমল ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগও দিয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের বিষয়টি জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৫৬ ● ২২ বার পঠিত