বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬

মোংলায় সরকার মার্কেটে ভয়াবহ আগুন, ৫ দোকান পুড়ে ছাই

হোম » খুলনা » মোংলায় সরকার মার্কেটে ভয়াবহ আগুন, ৫ দোকান পুড়ে ছাই
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬


 

মোংলায় সরকার মার্কেটে ভয়াবহ আগুন, ৫ দোকান পুড়ে ছাই

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলা শিল্পাঞ্চল এলাকার সরকার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে লাগা এ আগুনে ইলেকট্রনিক্স, ঔষুধ ও চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই ব্যবসায়ী ও স্থানীয়রা পানি দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

 

খবর পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাঁচটি দোকানের ভেতরের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

 

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের ইমরান হোসেন জানান, ‘দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।’

 

এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে ব্যবসায়ীরা চরম হতাশায় পড়েছেন।

 

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩৬ ● ২০ বার পঠিত