শুক্রবার ● ১ মে ২০২৬
নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে মেঘনা-তেঁতুলিয়ায় নামলেন চরফ্যাশনের জেলেরা
হোম » লিড নিউজ » নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে মেঘনা-তেঁতুলিয়ায় নামলেন চরফ্যাশনের জেলেরা
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মধ্যরাতের পর থেকেই ভোলার চরফ্যাশনের জেলেরা ইলিশ আহরণে নদীতে নামতে শুরু করেছেন। নিষেধাজ্ঞা শেষের আগেই প্রস্তুতি সম্পন্ন করে নৌকা, জাল ও ট্রলার নিয়ে নদীমুখী হন অর্ধলক্ষাধিক জেলে।
বৃহস্পতিবার মধ্যরাতের আগে শেষ মুহূর্তে উপজেলার সামরাজ, নতুন স্লুইসগেট ও মাইনুদ্দি মৎস্যঘাট এলাকায় জেলে পল্লীগুলোতে ছিল ব্যস্ততা। কেউ জাল গুছিয়ে নৌকা প্রস্তুত করছেন, কেউ আবার বরফ ও ডিজেল সংগ্রহে ব্যস্ত সময় পার করেন।
নতুন স্লুইসগেট এলাকার জেলে শাহাবুদ্দিন এসময় বলেন, ‘নিষেধাজ্ঞা মানলেও সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে।’
মাঝি কাশেম বক্স সাগরকন্যাকে বলেন, ‘নৌকা ও জাল প্রস্তুত করেছি, এখন নদীতে ইলিশের অপেক্ষা।’
সামরাজ ঘাটের জেলে শাহ আলম জানান, ঋণ করে নৌকা মেরামত করেছেন, ইলিশ পেলে তা শোধ করে সংসার চালানোর আশা করছেন।
মাইনুদ্দি ঘাটের জেলে শফিউল্লাহ হাজি জানান, ট্রলার ও কর্মচারী নিয়ে বড় খরচে প্রস্তুতি নিয়েছেন, মাছ না পেলে কিস্তির চাপে পড়তে হবে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, দুই মাসের অভয়াশ্রম এলাকায় দিন-রাত অভিযান চালিয়ে জাটকা সংরক্ষণ করা হয়েছে। এতে ইলিশ উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এ সময় জেলেদের খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০:০৩:৪৭ ● ২৩ বার পঠিত
