বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তে সময় চান শিক্ষকরা
হোম » শিক্ষা » বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তে সময় চান শিক্ষকরা

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
পদোন্নতিসহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে চলমান অচলাবস্থা নিরসনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে দ্রুত ক্লাস ও পরীক্ষা চালুর বিষয়ে নীতিগত সম্মতি হলেও চূড়ান্ত সিদ্ধান্তে যেতে শিক্ষকরা আরও সময় চেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনদের জরুরি ভিত্তিতে ডাকা হয়। উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা, কলা অনুষদের ডিন ড. আব্দুল বাতেন, কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন ড. রাহাত হোসেন ফয়সাল এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল ইসলামসহ অন্যরা।
দীর্ঘ আলোচনার পর বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম সাংবাদিকদের বলেন, ত্রিপক্ষীয় আলোচনায় একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে।
তিনি আরও বলেন, বন্ধ থাকা ক্লাস ও পরীক্ষাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তবে শিক্ষক প্রতিনিধিরা সাগকন্যাকে জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন। জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের আশ্বস্ত করা হয়েছে যে আইন অনুযায়ী সব দাবি বিবেচনা করা হবে। শিক্ষার্থীদের স্বার্থে ক্লাসে ফেরার অনুরোধ জানানো হয়েছে। তবে যেহেতু আগের সিদ্ধান্তটি সব শিক্ষক মিলে নেওয়া হয়েছিল, তাই আবার সবার সঙ্গে বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাব।’
এ বিষয়ে প্রক্টর ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, দাবির কিছু বিষয়ে প্রশাসন একমত হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে ক্লাস ও পরীক্ষা চালুর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে পদোন্নতির দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে দীর্ঘ সময় ধরে ক্লাস-পরীক্ষা কার্যত স্থবির হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:০৯ ● ২০ বার পঠিত
