বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
বাবুগঞ্জে খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা
হোম » বরিশাল » বাবুগঞ্জে খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা এলাকায় একটি খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাটি ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউনিয়ন দপ্তর সম্পাদক পরিচয়দানকারী আব্দুর রাজ্জাককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভেকু দিয়ে খাল থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির সত্যতা পাওয়ায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, গত দুই-তিন দিন ধরে ওই এলাকায় খাল খননের নামে মাটি কাটা হচ্ছিল। এতে চলাচলের পথ নষ্ট হওয়া এবং কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ সৃষ্টি হয়। তারা খাল রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।
স্থানীয়দের ভাষায়, ‘মাটি কাটার কারণে আমাদের চলাচলের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, ফসল ঘরে তুলতেও কষ্ট হচ্ছে। আমরা এ ধরনের কাজ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, ‘বিনা অনুমতিতে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৭:৪৭:২৩ ● ২৪ বার পঠিত
