বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
মঠবাড়িয়ায় নকল মেডিকেটেড সাবান বিক্রি, ফার্মেসিকে জরিমানা
হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় নকল মেডিকেটেড সাবান বিক্রি, ফার্মেসিকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়ায় নকল মেডিকেটেড সাবান বিক্রির অভিযোগে সীমান্ত মেডিকেল হল নামে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। গোপন অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফার্মেসিটিতে বায়োটেক করপোরেশনের সিলকিন পি সাবান ও কিটন সাবানের নকল সংস্করণ বিক্রির প্রমাণ পাওয়া যায়। আসল পণ্যের মোড়ক ও নকশা হুবহু নকল করে এসব পণ্য বিক্রি করা হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ৩১টি নকল পণ্য জব্দ করা হয়। এ সময় ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে, এমনটি গণমাধ্যমকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০:১৭:০০ ● ২২ বার পঠিত
