
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশে পুষ্টি উদ্যোক্তা ও সহনশীলতা বৃদ্ধির জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (পার্টনার) প্রকল্প’-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আমানুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এইচ. এম. শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহসানুল্লাহ পিন্টু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ মুন্সি।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বাড়ানো জরুরি। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অর্ধশত কৃষক-কৃষাণী অংশ নেন।
অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। পাশাপাশি বালাইনাশকের নিরাপদ ব্যবহারের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। কৃষকদের আধুনিক ও পুষ্টিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।