মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬

বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

হোম » বরগুনা » বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


 

বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বরগুনা জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি ও আলোচনার মধ্যে দিয়ে মঙ্গলবার উদযাপিত হয়েছে লিগ্যাল এইড দিবস। বরগুনার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা জজশিপের নিচতলায় জগন্নাথ পান্ডে মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন আদালতের বিচারকগণ, আইনজীবী বৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।

 

জানা যায়, প্রতি বছরের মত এ বছরও সকাল নয়টায় জেলা জজশিপ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আবার জজশিপে শেষ হয়। পরে জজশিপে নির্মিত জগন্নাথ পান্ডে মঞ্চে জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

 

সভার শুরুতে ‘জাতীয় আইনগত সহায়তা দিবসের’ উদ্দেশ্য বর্ণনা করে স্বাগত বক্তব্য রাখেন বরগুনা জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ এম. এ. আজহারুল ইসলাম। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রানা শেখের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গণি, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল মাসুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ নুরুল আমিন, সরকারী উকিল (জিপি) মোঃ আবদুল মজিদ তালুকদার ও জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব মনোয়ারা আক্তার।

 

সভাপতি জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমান বলেন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। আদালতে সমান আশ্রয় লাভের অধিকারী। বাংলাদেশ সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে এমনটিই বলা হয়েছে। কিন্তু দেশের দরিদ্র বিচারপ্রার্থীরা যখন নিজেদের অধিকার রক্ষার্থে অর্থের অভাবে আইনগত সহায়তা পান না, তখন মৌলিক অধিকারের এই সাংবিধানিক অঙ্গীকারটি অর্থহীন বলে মনে হয়। বাংলাদেশ সরকার দরিদ্র বিচারপ্রার্থীদের সাংবিধানিক এই অধিকার নিশ্চিতের লক্ষ্যে এবং আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ পাশ করেন। তিনি বলেন, অসহায় দরিদ্র জনগণ এখন বিনা পয়সায় বিচার পাওয়ার অধিকার রাখেন। আর এই বিষয়টি জনগণকে জানাতে এবং বিচারকার্যে সহায়তা করতে ২০১৩ সালে ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করেন। টাকার অভাবে এখন আর কেউ ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন না।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি গরিব, সহায়-সম্বলহীন মানুষ সরকারের এই ইতিবাচক কর্মসূচির আওতায় এসে তাদের আইনি অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন। সে ব্যাপারে আমরা আশাবাদী। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই ন্যায়বিচারকে আরও অধিকতর ত্বরান্বিত করা সম্ভব। তিনি বলেন, সামাজিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা করে একটি উদার ও গণতান্ত্রিক এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

 

সভা শুরুর আগে সকাল ৯টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমান। পরে আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে জগন্নাথ পান্ডে স্মৃতি মঞ্চে আলোচনা সভায় মিলিত হন।

 

আলোচনা সভা শেষে দিবসটিকে কেন্দ্র করে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠান শেষে সভাপতি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬’ উপলক্ষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে নির্বাচিত অ্যাডভোকেট এ কিউ ফারুক ও অ্যাডভোকেট মনোয়ারা আক্তারের হাতে শুভেচ্ছা স্মারক ও অর্থ পুরস্কার তুলে দেন।

 

এ আলোচনা সভায় সুবিধাভোগী মোঃ মনিরুল ইসলাম ও মোসাঃ রেবা তাদের সমস্যা ও সমাধানের বিষয়টি সকলের সামনে তুলে ধরেন। একই সাথে সরাসরি মামলায় না গিয়ে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন।

 

বাংলাদেশ সময়: ১৭:৫০:৩৫ ● ৩৭ বার পঠিত