সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
মোংলায় দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
হোম » সর্বশেষ » মোংলায় দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে এবং ৩৮ জন ছানি রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের কুমারখালিস্থ বাসভবনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বয়স্ক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ সেখানে চিকিৎসা নিতে ভিড় করেন।
দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলার স্থানীয় সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে চক্ষু রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়। চক্ষু বিশেষজ্ঞ ডা. আরিফুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি চিকিৎসক দল রোগীদের বিস্তারিত পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
পরীক্ষা শেষে ৩৮ জন ছানি রোগীকে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স স্থাপন শেষে পুনরায় মোংলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে বলে আয়োজকরা জানান।
শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জসিম বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় মানবিক কাজ আর হতে পারে না।’ তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য দৃষ্টিদান চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, এ ধরনের নিয়মিত উদ্যোগ শুধু চিকিৎসা সেবা নয়, বরং উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য মানবিক দায়িত্ববোধ ও আশার আলো হয়ে উঠছে।
বাংলাদেশ সময়: ২০:০৭:৫০ ● ২৬ বার পঠিত
