সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণ ও নবজাতক অপহরণের ঘটনায় শ্বশুরসহ গ্রেফতার ২, নবজাতক উদ্ধার
হোম » পটুয়াখালী » গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণ ও নবজাতক অপহরণের ঘটনায় শ্বশুরসহ গ্রেফতার ২, নবজাতক উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণ এবং নবজাতক অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শ্বশুরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় অপহৃত নবজাতক শিশুটিকে উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) এ ঘটনায় শিশুটির মা মোসা. শারমিন বেগম (২৫) তার শ্বশুর রুস্তুম গাজী, শাশুড়ি হাওয়া বেগমসহ পাঁচজনকে আসামি করে গলাচিপা থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার দুইজন হলেন- শ্বশুর রুস্তুম গাজী এবং গলাচিপা নিউ লাইফ কেয়ার ক্লিনিকের সহায়তাকারী মোসা. লিপি বেগম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৫ রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে স্বামী প্রবাসে থাকার সুযোগে শ্বশুর রুস্তুম গাজী পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে একাধিকবার ধর্ষণের ফলে তিনি গর্ভধারণ করেন।
পরে চলতি বছর ২৬ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। অভিযোগ অনুযায়ী, পরদিন সকালে ক্লিনিকের সহায়তাকারী লিপি বেগমসহ অজ্ঞাত কয়েকজন নবজাতক শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ জানায়, অপহৃত নবজাতক শিশুটিকে পার্শ্ববর্তী উপজেলার গোছখালী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) শিশুটিকে পটুয়াখালী নারী ও শিশু আদালতে প্রেরণ করা হয়।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান নবজাতক উদ্ধার শেষে আদালতে প্রেরণের কথা জানিয়ে বলেন, এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ নবজাতক অপহরণকারী লিপি বেগমকে গ্রেফতার করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪১:৫৭ ● ৩০ বার পঠিত
