সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
নেছারাবাদে ২২ বস্তা সুপারি আত্মসাত, সাক্ষীকে হুমকির অভিযোগ
হোম » পিরোজপুর » নেছারাবাদে ২২ বস্তা সুপারি আত্মসাত, সাক্ষীকে হুমকির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে ২২ বস্তা সুপারি আত্মসাতের অভিযোগে থানায় মামলা হয়েছে। একই ঘটনায় মামলার সাক্ষীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাটি উপজেলার ৮ নম্বর সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংগল এলাকায় ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহিনী জেসমিন আক্তার (২৮) বাদী হয়ে রেজওয়ান আহমেদ লিটু, সাদ্দাম হাওলাদারসহ চারজনকে বিবাদী করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, জেসমিন আক্তার তার স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকা থেকে সুপারি সংগ্রহ করে শুকিয়ে বাজারজাত করেন। গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শুকানো ২২ বস্তা সুপারি স্থানীয় বাসিন্দা রেজওয়ান আহমেদ লিটুর বসতঘরে সংরক্ষণ করে তারা বাড়ি চলে যান।
পরদিন ২৫ ফেব্রুয়ারি সকালে সুপারি আনতে গিয়ে তারা ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে লিটু এসে দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে দেখা যায়, সেখানে রাখা ২২ বস্তা সুপারি নেই। তবে ঘরের দরজা-জানালায় ভাঙচুর বা জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি।
প্রধান বিবাদী রেজওয়ান আহমেদ লিটু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং ধারণা করছেন চুরি হয়েছে।
অন্যদিকে মামলার একমাত্র সাক্ষী মো. ইউনুস (৪২) অভিযোগ করেন, ঘটনার পর থেকে বিবাদী সাদ্দাম হাওলাদার লোকজন নিয়ে তাকে সাক্ষ্য না দিতে চাপ দিচ্ছেন এবং প্রাণনাশসহ মারধরের হুমকি দিচ্ছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ভুক্তভোগী জেসমিন আক্তার বলেন, ‘আমাদের জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই সুপারি ব্যবসা। এই ক্ষতির কারণে আমরা আর্থিকভাবে ভেঙে পড়েছি। এখন সাক্ষীকেও হুমকি দিয়ে মামলাটি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।’
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। পাশাপাশি সাক্ষীকে হুমকির অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:১০:১৪ ● ৩৩ বার পঠিত
