সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
ভারতের বিধানসভা নির্বাচনে পেট্রাপোল স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ
হোম » খুলনা » ভারতের বিধানসভা নির্বাচনে পেট্রাপোল স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দুই দেশের বন্দর এলাকায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে এবং বাড়ছে ডেমারেজ খরচ।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া (আইএএস) স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ৩৩টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ভোট শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচলে সীমিতকরণ নির্দেশনা জারি করা হয়েছে। ফলে এ সময় বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারীরা যাতায়াত করতে পারবেন। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ভোটাররাও ভারতে প্রবেশ করতে পারবেন। পচনশীল পণ্য এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম আংশিকভাবে চালু রয়েছে। ভারত থেকে পচনশীল পণ্য এলে তা দ্রুত খালাস করা হবে।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে নিয়মিতভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৭:০১:০৫ ● ২৮ বার পঠিত
