রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
হোম » পটুয়াখালী » দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের হাজীরহাট লঞ্চঘাট এলাকায় ভাঙনের শিকার নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে ভাঙনকবলিত এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দশমিনা শাখার উপদেষ্টা আজবাহার প্যাদা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক হাওলাদার, দশমিনা সদর ইউনিয়নের গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, হাজীরহাট বাইতুল ফজল জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী ওবায়দুল্লাহ, হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন সিপাই এবং ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, গত কয়েক বছরের অব্যাহত নদীভাঙনে ফসলি জমি, বসতবাড়ি ও পাকা সড়কসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রায় প্রতিটি পরিবার একাধিকবার ভাঙনের শিকার হয়ে সহায়-সম্পত্তি হারিয়ে অনেকেই এখন ছিন্নমূল জীবনযাপন করছেন। সম্প্রতি ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে বলে তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, অস্থায়ী কোনো ব্যবস্থা নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধ করতে হবে। এ সময় তারা ‘নদীভাঙন ঠেকাও’, ‘নৌপুলিশ ফাঁড়ি’, ‘হাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়’, ‘হাজীরহাট বাইতুল ফজল জামে মসজিদ’ ও ‘হাজীকান্দা বাঁচাও’- এমন বিভিন্ন স্লোগান দেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:৫৬ ● ২৯ বার পঠিত
