শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

কুয়াকাটায় লোডশেডিং বেড়েছে, বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের আহ্বান

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় লোডশেডিং বেড়েছে, বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের আহ্বান
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় লোডশেডিং বেড়েছে, বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

সারা দেশে চলমান বিদ্যুৎ সংকটের প্রভাবে পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সৃষ্ট এ পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণ এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তফা আমিনুর রাশেদ এক জরুরি বার্তার মাধ্যমে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।

জরুরি বার্তায় বলা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবস্থাপনা একটি জাতীয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি থাকায় বিভিন্ন এলাকায় অনিচ্ছাকৃতভাবে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধান সময়সাপেক্ষ হওয়ায় সাময়িকভাবে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

কুয়াকাটা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সাধারণ গ্রাহকদের প্রতি বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করা এবং বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।

ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ বলেন, ‘এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা মানে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সমান। এই ক্রান্তিকালে সবার সম্মিলিত প্রচেষ্টাই পরিস্থিতি উত্তরণে সহায়ক হবে। সবার সহযোগিতায় আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব বলে আশা রাখি।’

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছে। একইসঙ্গে এই সংকটময় সময়ে সকলকে ইতিবাচক ও সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:০১ ● ৩৮ বার পঠিত