বুধবার ● ২২ এপ্রিল ২০২৬
জিয়ানগরে বাল্যবিবাহ ঠেকিয়ে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল তহমিনা
হোম » পিরোজপুর » জিয়ানগরে বাল্যবিবাহ ঠেকিয়ে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল তহমিনা![]()
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার পরিবারের চাপের মুখে বাল্যবিবাহে রাজি না হয়ে থানায় আশ্রয় নিয়ে তা প্রতিরোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেয়েছেন।
উপজেলার চাড়াখালী গ্রামের আলম হাওলাদারের মেয়ে ও জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তারকে তার অভিভাবকরা মতের বিরুদ্ধে বিয়ে দিতে উদ্যোগ নেন। এ অবস্থায় গত ১৮ এপ্রিল ২০২৬ তিনি জিয়ানগর থানায় আশ্রয় নেন। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বাল্যবিবাহের আয়োজন স্থগিত করা হয় এবং তার পিতা-মাতার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ সাহসী পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তহমিনা আক্তারের হাতে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা স্মারক, সনদপত্র ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক অনুদান তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এসময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন। অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেজান্নাত ফেরদৌসীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:২৪ ● ৪২ বার পঠিত
