মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় সিসি ক্যামেরায় নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
হোম » শিক্ষা » কলাপাড়ায় সিসি ক্যামেরায় নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় সিসি ক্যামেরার নজরদারিতে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এতে মোট ২ হাজার ৫শ ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের কঠোর তল্লাশির মাধ্যমে কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক উপস্থিত রয়েছেন।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি মৃধা বলেন, ‘হলের পরিবেশ অনেক সুন্দর। প্রথম দিনের পরীক্ষা হওয়ায় একটু ভীতি কাজ করছে। ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে।’
একই কেন্দ্রের কেন্দ্র সচিব আবদুর রহিম বলেন, শিক্ষার্থীরা যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান জানান, কলাপাড়ায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মোট ১০টি কেন্দ্রে ২ হাজার ৫শ ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শকসহ সবাইকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৫:৫০ ● ৩৬ বার পঠিত
