রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬

বরগুনায় দুইদিনের সফরে আগামীকাল আসছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

হোম » সর্বশেষ » বরগুনায় দুইদিনের সফরে আগামীকাল আসছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

বরগুনায় দুইদিনের সফরে আসছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন মনিটরিংয়ের জন্য দুইদিনের সরকারি সফরে আগামীকাল সোমবার বরগুনা আসছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, হাম-রুবেলা রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল বরগুনা জেলাকে ‘হাম হটস্পট’ ঘোষণা করা হয়। এরপর থেকেই জেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বরগুনা ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে। এ পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের অংশ হিসেবেই যুগ্ম সচিব এ সফরে আসছেন।

সফরসূচি অনুযায়ী, রবিবার বিকেল ৫টায় সচিবালয়ের নিজ দপ্তর থেকে তিনি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৯টায় লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। সোমবার ভোর সাড়ে ৫টায় বরিশাল লঞ্চঘাটে পৌঁছে সড়কপথে আমতলীর উদ্দেশ্যে রওনা হয়ে সোমবার সকাল সাড়ে ৭টায় পৌঁছানোর কথা রয়েছে। সকাল ৯টা থেকে তিনি আমতলীতে টিকাদান কার্যক্রম পরিদর্শন করবেন এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন।

একইদিন বিকেলে তিনি বরগুনা শহরে পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বরগুনা সদর উপজেলায় টিকাদান কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় তিনি সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে মঙ্গলবার বিকেল ৫টায় সড়কপথে বরিশাল লঞ্চঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টায় লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। বুধবার সকাল ৬টায় তিনি ঢাকার সদরঘাটে পৌঁছে নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০১:৩৬ ● ৫০ বার পঠিত