শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু, মঠবাড়িয়ায় দাফনের দাবি
হোম » শোক/মৃত্যুবার্ষিকী » বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু, মঠবাড়িয়ায় দাফনের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুবুর রহমান (৫৯) এর মৃত্যুতে পিরোজপুরের মঠবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মাহবুবুর রহমান মঠবাড়িয়া সরকারি কলেজের প্রয়াত অধ্যাপক আঃ আজিজুর রহমানের মেজ ছেলে। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষক পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, তিনি শুধু একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নন; বরং ছিলেন বিনয়ী, সজ্জন ও মানবিক ব্যক্তিত্ব। ব্যক্তিগত আচরণ ও সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি এলাকায় অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
এদিকে তার মৃত্যুর পরপরই পরিবারের পক্ষ থেকে দাফন নিয়ে আবেগঘন অনুরোধ জানানো হয়। মরহুমের ছোট ভাই, কানাডা প্রবাসী মোঃ মামুনুর রহমান পরিবারের কাছে আবেদন জানিয়েছেন, তার বড় ভাইয়ের দাফন যেন নিজ জন্মভূমি মঠবাড়িয়াতেই সম্পন্ন করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও আলোচনা ও আবেগঘন প্রতিক্রিয়া দেখা দেয়।
এর আগে মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত মোঃ বেলায়েত হোসেনের মৃত্যুর পর দাফনস্থল নিয়ে একই ধরনের দাবি উঠেছিল, যদিও পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তে তাকে ঢাকায় দাফন করা হয়।
বর্তমানে দাফনের স্থান নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ পরিবারের ওপর নির্ভর করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে স্থানীয়দের পক্ষ থেকে মরহুমকে তার পিতা অধ্যাপক আঃ আজিজুর রহমানের কবরের পাশে মঠবাড়িয়ায় দাফনের জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।
মঠবাড়িয়া বাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৩ ● ৪৮ বার পঠিত
