শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
দশমিনায় ৬১৮ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৭২ জন ছানি রোগী শনাক্ত
হোম » সর্বশেষ » দশমিনায় ৬১৮ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৭২ জন ছানি রোগী শনাক্ত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৬১৮ জন দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন; এর মধ্যে ৭২ জন ছানি রোগী শনাক্ত হয়েছে এবং ৩০৫ জনকে তাৎক্ষণিকভাবে চশমা প্রদান করা হয়েছে।
শুক্রবার উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সহযোগিতায় ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে এ আয়োজন করে।
আয়োজকরা জানান, ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠান দুটি সারাদেশে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় দশমিনায় এই ক্যাম্প আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল ছানি অপারেশন, ওষুধ ও চশমার মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া।
ক্যাম্পে চিকিৎসকদের পরীক্ষায় ৭২ জন ছানি রোগী শনাক্ত হন। এছাড়া ৩২৪ জন রোগীকে চশমার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়, যার মধ্যে ৩০৫ জনকে তাৎক্ষণিকভাবে চশমা দেওয়া হয়েছে। অবশিষ্ট রোগীদের আগামী ২৭ এপ্রিল আরএসসি’র কালাইয়া অফিস থেকে চশমা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া ৩৮৪ জন রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শনাক্ত ছানি রোগীদের ১৮ এপ্রিল বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যাম্পের উদ্বোধন করা হয়। উপস্থিত অতিথিরা দরিদ্র মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
ডিসিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, ‘এই চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়া এবং তাদের মাঝে নতুন আশার সঞ্চার করা। আর্থিক অসচ্ছলতার কারণে যারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, তাদের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার।’
বাংলাদেশ সময়: ১৫:০২:০১ ● ৩৮ বার পঠিত
