
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মহিষকাটা থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা আমতলীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে এতে অটোচালক ফাহাদ (২১), যাত্রী যথাক্রমে মিরাজুল ইসলাম শাওন (২০), জসিম সিকদার (৪৫), তুহিন (২২) ও বেল্লাল মুসুল্লী (৩৫) গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পপি হালদার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। এদিকে, বরিশালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে মিরাজুল ইসলাম শাওন ও বেল্লাল মুসুল্লী মারা যান।
নিহত বেল্লাল মুসুল্লীর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাইঠভাঙ্গা গ্রামে। তার বাবার নাম হাসেম মুসুল্লী। অপর নিহত শাওনের বাড়ি আমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামে। তার বাবার নাম গাজী শাহজাদা।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুল ইসলাম সাগরকন্যাকে জানান, আহতদের বরিশালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে এবং পালিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাকটি স্থানীয়রা আমতলীর বাদুরা বাজার এলাকা থেকে আটক করেছে।