মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
হোম পেজ » সর্বশেষ » বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী শিমুলতলা মাঠে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় শিমুলতলা মঞ্চে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা। উদ্বোধনের পর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ ও বর্ণাঢ্য র্যালি বের হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিমুলতলা মেলা মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, এডিসি (শিক্ষা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ জেড এম সালেহ ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
বিকেলে শিমুলতলা মাঠে অনুষ্ঠিত হবে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। এর মধ্যে থাকবে হাডুডু, পুকুর থেকে হাঁস ধরা ও কলাগাছ থেকে কলসি নামানোর প্রতিযোগিতা। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:০১:০০ ● ৪৪ বার পঠিত
