
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড টরকী বন্দরের মুদি পাইকারি ব্যবসায়ী লিটন মন্ডল (৩৫) এর বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি গত ১২ এপ্রিল ২০২৬ দিবাগত রাত ১২টার দিকে এলাকা ছেড়ে পালিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লিটন মন্ডল (পিতা: মধুসূদন মন্ডল) দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। পরে তিনি প্রায় দুই কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছেন বলে দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য দাবি-
দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ লিমিটেড (এনজিও): প্রায় ২৯ লাখ টাকা, ভাই ভাই অয়েল মিলের মালিক রুহুল আমিন সিকদার: প্রায় ১৪ লাখ ২০ হাজার টাকা, মা কালী ভ্যাল মিলের মালিক ভজন কুন্ডু: প্রায় ২০ লাখ টাকা, সাহা স্টোরের মালিক শানু সাহা: ১ লাখ ২ হাজার টাকা, ডাল ব্যবসায়ী রাসেল কাজী: ১ লাখ ২০ হাজার টাকা, শিমুল স্টোরের মালিক শিমুল সরদার: ১৬ হাজার টাকা।
এছাড়াও আরও কয়েকজন ব্যবসায়ী তার কাছে টাকা পাওয়ার দাবি করেছেন বলে জানা গেছে।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল হাসান রাসেল বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ঘটনাকে কেন্দ্র করে টরকী বন্দর এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। টরকী বন্দর বণিক সমিতির সভাপতি সাহাবুব হাসান শরীফ জানান, পালিয়ে যাওয়া লিটন মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং দোকানে রেখে যাওয়া পণ্যসামগ্রী তাদের জিম্মায় রাখা হয়েছে।