মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
যশোরের বেনাপোলে পহেলা বৈশাখে আমদানি-রপ্তানি বন্ধ, সচল যাত্রী চলাচল
হোম পেজ » খুলনা » যশোরের বেনাপোলে পহেলা বৈশাখে আমদানি-রপ্তানি বন্ধ, সচল যাত্রী চলাচল

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
পহেলা বৈশাখের সরকারি ছুটিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) যশোরের বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান জানান, পহেলা বৈশাখ উপলক্ষে বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাগরকন্যাকে জানান, সরকারি ছুটির কারণে এক দিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দুই দেশের শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। বিষয়টি ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদেরও জানানো হয়েছে। বুধবার সকাল থেকে কার্যক্রম স্বাভাবিক হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে এবং এতে কোনো প্রভাব পড়েনি।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বেনাপোলসহ শার্শা ও বাগআঁচড়া এলাকায় উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ উদযাপিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রঙিন ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা র্যালিতে যোগ দেন। পাশাপাশি পান্তা-ইলিশসহ নানা আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৪:৩১:০৮ ● ২৩ বার পঠিত
