সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬
মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের কারাদণ্ড
হোম পেজ » সর্বশেষ » মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে অবস্থিত মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় একজন ভুয়া চিকিৎসক আটক এবং ওই ক্লিনিকের মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমিত্রা সিনহা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ক্লিনিকটিতে একাধিক অনিয়মের পাশাপাশি পি সি বর্মন নামে একজন ভুয়া চিকিৎসককে সনাক্ত করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ক্লিনিক মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ সাগরকন্যাকে বলেন, লাইসেন্স ও যথাযথ অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিল। এছাড়া নিবন্ধনবিহীন ব্যক্তির মাধ্যমে অপারেশনের অভিযোগও পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী কেবল নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকরাই চিকিৎসা সেবা দিতে পারেন। অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৫ ● ৫৩ বার পঠিত
