সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন, ‘ঐতিহাসিক দিন’ বললেন কৃষিমন্ত্রী

হোম পেজ » জাতীয় » টাঙ্গাইলে পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন, ‘ঐতিহাসিক দিন’ বললেন কৃষিমন্ত্রী
সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬


 

টাঙ্গাইলে পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন, ‘ঐতিহাসিক দিন’ বললেন কৃষিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলে পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

 

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।

 

মন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন হওয়ায় দিনটি দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে দেশের প্রথম কৃষক কার্ড কর্মসূচির যাত্রা—যা টাঙ্গাইলসহ সারা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন।’ তিনি জানান, দেশের প্রায় সত্তরভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত এবং কৃষকদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমেই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষক যেন ন্যায্য মূল্য ও অধিকার পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ দেশের ১১টি স্থানে ‘প্রি-পাইলটিং’ হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে পাইলটিং শেষে পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে এবং পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।

 

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আগামীকালের কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলের জনগণ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই জেলাতেই মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন, যা একটি ঐতিহাসিক ঘটনা।’ তিনি আরও বলেন, ‘মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন গর্বের বিষয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এতে অংশগ্রহণ করবেন বলে আশা করছি।’

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, জেলা প্রশাসক শরীফা হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির এবং পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

 

উল্লেখ্য, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সরকার ‘কৃষি কার্ড’ চালু করতে যাচ্ছে। তিন ধাপে পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এর আওতায় কৃষকরা বছরে আড়াই হাজার টাকা সহ বিভিন্ন সুবিধা পাবেন।

 

আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১৮ ● ২৫ বার পঠিত