রবিবার ● ১২ এপ্রিল ২০২৬

গৌরনদী টরকী বন্দরে ড্রেনেজ ত্রুটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

হোম » বরিশাল » গৌরনদী টরকী বন্দরে ড্রেনেজ ত্রুটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬


 

গৌরনদী টরকী বন্দরে ড্রেনেজ ত্রুটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার পৌর এলাকার টরকী বন্দরে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে সামান্য বৃষ্টিতেই হাট-বাজার, সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের চলাচলসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

আর মাত্র কয়েক দিন পর বর্ষা মৌসুম শুরু হতে যাচ্ছে। এর আগেই টরকী বন্দরের ১নং ওয়ার্ড এলাকায় বৃষ্টি হলেই পানি জমে হাট-বাজার, রাস্তা-ঘাট ও বাসাবাড়ি তলিয়ে যায়। বিশেষ করে ব্যাংক, বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে জলাবদ্ধতা দেখা দেয়।

 

স্থানীয়দের অভিযোগ, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা কার্যকর নয়। অধিকাংশ ড্রেন ময়লা-আবর্জনায় ভরে গেছে এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে আছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে পুরো বন্দর এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

 

টরকী বন্দর ছাগল হাট এলাকার বাসিন্দা মো. ফাহাদ মিয়া বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা ছোট ও অপর্যাপ্ত হওয়ায় বৃষ্টি হলেই পানি নামতে পারে না। অনেক স্থানে ড্রেন ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে। রাস্তায় পানি জমে থাকায় গর্ত বোঝা যায় না, এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে।’

 

বন্দরের চাল ব্যবসায়ী মো. কাশেম ঘরামী সাগরকন্যাকে বলেন, ‘সামান্য বৃষ্টিতেই লোড-আনলোডসহ ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়। ক্রেতারাও অন্য বাজারে চলে যায়। দ্রুত ড্রেনেজ ও রাস্তা সংস্কার না করলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।’

 

টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান বলেন, ‘এ সমস্যা দীর্ঘদিনের। দ্রুত ড্রেনেজ সংস্কার ও রাস্তা মেরামত না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হবে।’

 

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ‘ঠিকাদারদের নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে, যাতে ড্রেনেজ ব্যবস্থা সচল থাকে এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয়। কাজ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৭:৫৪:০৬ ● ১৬৮ বার পঠিত