শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
তেল সংকটের ধাক্কা শেষ না হতেই ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কুয়াকাটার জেলেরা
হোম পেজ » লিড নিউজ » তেল সংকটের ধাক্কা শেষ না হতেই ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কুয়াকাটার জেলেরা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
তেল সংকটের ধাক্কা কাটতে না কাটতেই এবার শুরু হচ্ছে ৫৮ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। এতে মহিপুর-আলীপুর ও কুয়াকাটার সমুদ্রগামী জেলেদের জীবনে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও হতাশা।
প্রতি বছরের মতো এবারও বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ইতোমধ্যে মৎস্য বিভাগ প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।
তবে বাস্তবতা ভিন্ন। মহিপুরের জেলে রফিক মাঝি জানান, বেশ কিছুদিন ধরে ডিজেল সংকটে সাগরে যেতে পারেনি। এখন নিষেধাজ্ঞা শুরু হলে পরিবার চালাবেন কীভাবে বুঝতে পারছেন না।
একই এলাকার আলীপুরের জেলে ফারুক মাঝি বলেন, ‘সরকার মোগো যে প্রণোদনা দেয়, হ্যইয়া দিয়া সংসার চলে না। আসল জাইল্লাগো জন্য চাউলের সাহায্য বাড়ানো দরকার।’
অন্যদিকে মাছ ব্যবসায়ীরা বলছেন, সামুদ্রীক মাছের সরবরাহ কমে যাওয়ায় তাদের লোকসান বাড়ছে। মহিপুরের আড়তদার প্রতিষ্ঠান ফয়সাল ফিস’র মালিক ফজলু গাজী বলেন, ‘টানা সংকটের কারণে বাজারে মাছের ঘাটতি তৈরি হয়েছে, ব্যবসাও চাপে পড়েছে।’
আলীপুর বিএফডিসি মার্কেটের মনি ফিস’র মালিক আঃ জলিল ঘরামি বলেন, ‘নিষেধাজ্ঞার সময়টা বাড়তি চাপ তৈরি করে, জেলের সংসার চালাতে আড়ৎ থেকে টাকা দিতে হয়। তাদের বিকল্প জীবিকার সুযোগ না থাকায় আড়ৎদার ও জেলে সবাই দুশ্চিন্তায় থাকে।’
নিষেধাজ্ঞাকালে কলাপাড়া উপজেলায় নিবন্ধিত ১৮ হাজার ৩’শ জেলেকে জনপ্রতি ৭৭ দশমিক ৩ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য বিভাগ। তবে এই সহায়তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন জেলে সংগঠনের নেতারা। কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির সভাপতি আঃ মান্নান মাঝি বলেন, প্রনোদনা ঠিক সময় জেলেদের হাতে পৌঁছান এবং পরিমাণ বৃদ্ধি করা খুবই জরুরী।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, প্রকৃত জেলেদের সহায়তা নিশ্চিত করতে তালিকা যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের আবেদন অনুযায়ী প্রণোদনা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।
নিষেধাজ্ঞা সফলভাবে কার্যকরে সাগরে নজরদারি জোরদার থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মৎস্য বিভাগ।
বাংলাদেশ সময়: ২১:১৪:৫৪ ● ২৭ বার পঠিত
