শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় আগুনে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে নৌকা-জাল সহায়তা
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় আগুনে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে নৌকা-জাল সহায়তা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত তিন জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘ডু ফর সামথিং’। প্রায় এক মাসের প্রচেষ্টার পর শনিবার (১১ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে একটি নতুন ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও মেশিন হস্তান্তর করা হয়েছে।
গত ১১ মার্চ রমজানে তারাবির নামাজের সময় কুয়াকাটার ঝাউবন এলাকায় মুহিব্বুল্লাহ মাঝি ও তার সঙ্গে থাকা আরও দুই জেলের নৌকায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নৌকা, জাল ও ইঞ্জিনসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। একমাত্র জীবিকার উৎস হারিয়ে পরিবারগুলো মানবেতর অবস্থায় পড়ে যায়।
সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘খবরটি জানার পরই আমরা সিদ্ধান্ত নিই তাদের পাশে দাঁড়ানোর। সবার সহযোগিতায় নতুন নৌকা, জাল ও মেশিন দিতে পেরেছি- এটাই আমাদের বড় প্রাপ্তি।’
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা এর আগে গৃহনির্মাণ, সেলাই মেশিন বিতরণ, শূন্য দোকানে মালামাল সরবরাহ, কুয়াকাটার অরকা পল্লীর ১৪০ পরিবারের মাঝে ঈদ বাজার ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্ত জেলে মুহিব্বুল্লাহ মাঝি সাগরকন্যাকে বলেন, ‘আগুনে সব পুড়ে যাওয়ার পর আমরা নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আজ নতুন নৌকা পেয়ে আবার বাঁচার আশা ফিরে পেলাম।’
আরেক জেলে বলেন, ‘এই নৌকাই আমাদের জীবন। এটি ছাড়া আমাদের কিছুই নেই। সংগঠনটি আমাদের নতুন জীবন দিয়েছে।’
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, ‘এটি একটি অনুকরণীয় উদ্যোগ। সমাজের বিত্তবান ও সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অনেক অসহায় মানুষের জীবন বদলে যাবে।’
কুয়াকাটা পৌর শ্রমিক দলের সভাপতি মানিক ফকির বলেন, ‘মানুষ মানুষের পাশে দাঁড়ালেই এমন পরিবর্তন সম্ভব। এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’
বাংলাদেশ সময়: ১৯:৩৮:২৭ ● ১২ বার পঠিত
