শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
পিরোজপুরের জিয়ানগরে জমি বিরোধে এক প্রতিবেশীর বিরুদ্ধে ৭ মামলার অভিযোগ
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরের জিয়ানগরে জমি বিরোধে এক প্রতিবেশীর বিরুদ্ধে ৭ মামলার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে এক প্রতিবেশীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে সাতটি মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আব্দুর রব ফকির প্রতিকার চেয়ে সাংবাদিকদের কাছে সহায়তা পেতে লিখিত আবেদন করেছেন।
অভিযোগ ও সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার ইন্দুরকানী গ্রামের আব্দুস ছত্তার মাতুব্বরের ছেলে সৌদি প্রবাসী মো. হেমায়েত মাতুব্বর ও তার ভাই মোশারেফ মাতুব্বর প্রায় ১২ বছর আগে একই গ্রামের আজাহার ফকির ও রারেক ফকিরের কাছ থেকে চার শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমিতে তারা বহুতল ভবন নির্মাণ করেন। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণের পর হেমায়েত মাতুব্বর পাশের জমির মালিক আব্দুর রব ফকিরের পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে চলাচল শুরু করেন।
এতে বাধা দিলে ২০১৬ সালে আব্দুর রব ফকির ও তার স্বজনদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে একটি মামলায় রায় বা খারিজ হলে নতুন করে আবার মামলা দায়ের করা হয় বলে অভিযোগ রয়েছে। এভাবে হেমায়েত মাতুব্বর ও তার স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে আব্দুর রব ফকিরের বিরুদ্ধে একে একে সাতটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর দাবি, এসব মামলায় আদালত তার পক্ষেই রায় দিয়েছেন।
সর্বশেষ ২৪ মার্চ ২০২৬ একটি মামলায় রায় পাওয়ার পরদিনই আবার নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয় বলে জানান তিনি। মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে আব্দুর রব ফকির গত ৫ এপ্রিল জিয়ানগর প্রেসক্লাবে লিখিত আবেদন জমা দিয়েছেন।
আব্দুর রব ফকির বলেন, ‘আমি পৈত্রিক সম্পত্তিতে বসবাস করি। হেমায়েত মাতুব্বর যে জমি কিনেছেন, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তার চলাচলের কোনো পথ নেই বলে তিনি জোর করে আমাদের জমি ব্যবহার করছেন। আমাদের কোনো বিরোধ না থাকলেও জমি দখলের উদ্দেশ্যে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে হেমায়েত মাতুব্বর বলেন, ‘আমি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ২৮ শতক জমি কিনেছি, যার কিছু অংশ এখনো বুঝে পাইনি। জমির দখল বুঝে পেতে আইনি পদক্ষেপ নিয়েছি। আমি কাউকে হয়রানি করিনি, বরং আব্দুর রব ফকিরই বেড়া দিয়ে আমার চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন।’
বাংলাদেশ সময়: ১৪:১৪:৩৭ ● ৮৪ বার পঠিত
