বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের মামলা

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের মামলা
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের মামলা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কক্ষ থেকে নামিয়ে দেয়ার দুই দিন পর ওই কলেজের চার শিক্ষক ও এক চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার কলাপাড়া থানায় মামলাটি করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

মামলায় অভিযুক্তরা হলেন সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন সিকদার, সহকারী অধ্যাপক সজল চন্দ্র ভাট, প্রভাষক তৌহিদুল ইসলাম এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. মোশারফ মৃধা।

 

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৬ জুন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে কলেজের অধ্যক্ষ বসির আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হওয়ায় তার এমপিও বন্ধ হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সুনামের সঙ্গে কলেজ পরিচালনা করে আসছিলেন বলেও দাবি করা হয়।

 

অভিযোগে আরও বলা হয়, সাবেক অধ্যক্ষের ইন্ধনে আসামিরা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ‘আওয়ামীকরণ’-এর অভিযোগ তুলে মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নাম ধরে গালাগাল করেন এবং তার পথরোধ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের ‘আওয়ামীকরণ’ সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাবেক অধ্যক্ষের সময়ে তা হয়েছে। তবে এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

অন্যদিকে স্থানীয় একাধিক গণ্যমান্য ব্যক্তির দাবি, সাবেক অধ্যক্ষ বসির আহম্মেদ এর রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তা তার ব্যক্তিগত বিষয়। তারা আরও বলেন, অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, তবে কলেজ পরিচালনায় তিনি তুলনামূলকভাবে ভালো ভূমিকা রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৮:৫৯ ● ৬২ বার পঠিত