বুধবার ● ৮ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় কৃত্রিম পায়ের জন্য দ্বারে দ্বারে ইজিবাইক চালক ইসমাইল
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় কৃত্রিম পায়ের জন্য দ্বারে দ্বারে ইজিবাইক চালক ইসমাইল![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
এক পা হারিয়েও জীবনযুদ্ধে থেমে থাকেননি ইসমাইল তালুকদার (২৬)। ভিক্ষাবৃত্তি না বেছে নিয়ে এক পায়ে ভর করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে স্বাভাবিক চলাফেরা ও কষ্ট লাঘবে একটি কৃত্রিম পায়ের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন এই সংগ্রামী যুবক।
উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জালাল তালুকদারের ছেলে ইসমাইল একসময় ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন। প্রায় সাত বছর আগে সড়কের পাশে ট্রাক সরানোর সংকেত দিতে গিয়ে দুর্ঘটনায় ডান পা হারান তিনি। গুরুতর আহত অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলতে হয়। চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবার। তিন বছর আগে স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। এরপরও হাল না ছেড়ে এক পায়ে ভর করে ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন তিনি।
স্থানীয় বাসিন্দা সিফাত আকন বলেন, ইসমাইল ভিক্ষা না করে নিজের পরিশ্রমে জীবন চালাচ্ছে। তার জন্য একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করা জরুরি।
তোফাজ্জেল হোসেন বলেন, নিজের চিকিৎসার জন্য জমি পর্যন্ত বিক্রি করেছেন তিনি। তবুও হার মানেননি। আমরা চাই সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক।
ইসমাইল তালুকদার বলেন, দুর্ঘটনার পর কলাপাড়া, পটুয়াখালী ও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি। এখন কৃত্রিম পা কেনার সামর্থ্য নেই। কেউ যদি সহযোগিতা করতেন, তাহলে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম।
কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ইসমাইল প্রতিবন্ধী ভাতার আওতায় আছেন। তার কৃত্রিম পায়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৪:০৪:৩৪ ● ৩৪ বার পঠিত
