
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আশাখালী মৎস্য বন্দরে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক জেলে ও মৎস্য ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং ও বেহুন্দি জালসহ বিভিন্ন নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মাছ শিকার করছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি মাছের উৎপাদন কমে যাওয়ায় উপকূলীয় এলাকার হাজারো জেলে পরিবার জীবিকা সংকটে পড়েছে।
কর্মসূচিতে বক্তব্য দেন আশাখালী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাঈনুদ্দীন দালাল, সাধারণ সম্পাদক মো. শামীম রেজা, মৎস্য ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. শাহজাদা হাওলাদার, মৎস্য ব্যবসায়ী মো. মর্তুজা আহমেদ, জেলে সোহাগ গাজী ও মো. সাইদুলসহ স্থানীয় মৎস্যজীবীরা।
বক্তারা বলেন, অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জেলেদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘ট্রলিং ব্যবসায়ীরা আদালতকে ভুল বুঝিয়ে একটি আদেশ এনেছেন। আমরা সরকারের পক্ষ থেকে ওই আদেশের বিরুদ্ধে আপিল করব।’
অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মৎস্যজীবীরা।