মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬

গৌরনদীতে বন্ধ গ্যারেজ থেকে মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বন্ধ গ্যারেজ থেকে মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬


গৌরনদীতে বন্ধ গ্যারেজ থেকে মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলায় একটি বন্ধ গ্যারেজের ভেতর থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর ধরে গ্যারেজ পরিচালনা করে আসছিলেন জালাল। তবে সম্প্রতি তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং গ্যারেজের আড়ালে নিয়মিত মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে।

গত কয়েকদিন ধরে গ্যারেজটি বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারেজের দরজা ভেঙে ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় জালাল কাজীর মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই কামাল কাজী জানান, জালাল সম্প্রতি একটি ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন। তিনি অবিবাহিত হওয়ায় অধিকাংশ সময় গ্যারেজেই রাতযাপন করতেন। প্রায় তিন দিন আগে বাড়িতে তার সঙ্গে শেষ দেখা হয়েছিল, তখন তিনি কিছুটা অসুস্থ ছিলেন বলে জানান।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, গ্যারেজের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৮:২৪ ● ১২৩ বার পঠিত