মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬

চরফ্যাশনে অবৈধ জ্বালানি তেল জব্দ, জরিমানা

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে অবৈধ জ্বালানি তেল জব্দ, জরিমানা
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬


চরফ্যাশনে অবৈধ জ্বালানি তেল জব্দ, জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে পৃথক অভিযানে তেল জব্দ, মিনি পাম্প সিলগালা ও জরিমানা করেছে প্রশাসন। শনিবার (৫ এপ্রিল) বিআরডিবি মোড়ে ভাগিনা মনিরের ভাড়াটিয়া সবুজের পরিচালনাধীন ‘মেসার্স মামুন ব্রাদার্স’ নামের একটি অবৈধ তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নৌবাহিনী ও উপজেলা প্রশাসন মিনি পাম্প থেকে ২৭ লিটার তেল উদ্ধার করে। পরে মিনি পাম্পটি সিলগালা করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে একই প্রতিষ্ঠানকে অবৈধভাবে তেল মজুত ও বিক্রির অপরাধে চরফ্যাশন উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এমাদুল হোসেন ৫০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয়রা জানান, সবুজকে গত ১৭ বছর এলাকায় দেখা যায়নি; ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর হঠাৎ করে তিনি এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তবে অন্য একটি সূত্রে জানা যায়, সবুজের নামে পরিচালিত হলেও অবৈধ পাম্পটির মালিকানা কাগজপত্র চরফ্যাশন উপজেলার একটি সরকারদলীয় সিনিয়র নেতার নামে রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে একই মালিকানাধীন দুলারহাট থানার সামনে অবস্থিত আরেকটি মিনি পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা ২৮ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল স্থানীয় জনগণের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে ৬ এপ্রিল ২০২৬ রাত ১১টা ৪৫ মিনিটে চরফ্যাশনের শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের কেরানী বাড়ি এলাকায় পৃথক অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৫৮ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. এমাদুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মজুদকারী শাহিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে শশীভূষণ থানা পুলিশ সহায়তা করে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. এমাদুল হোসেন বলেন, ‘ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৩:২৩ ● ৪২ বার পঠিত